দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের কাজ চলছে জানিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে এতে গতি ফিরবে।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘আমরা যে ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, তা পুনরুদ্ধারের কাজ চলছে। এ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হচ্ছে। আমরা জরুরি পরিস্থিতি মোকাবিলা করছি।’
অর্থনীতিতে নেওয়া সংস্কার, নিয়ন্ত্রণ শিথিল, নীতিমালা প্রণয়ন ও প্রণোদনার উদ্যোগগুলোর সুফল ধীরে ধীরে পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। কর্মসংস্থান বাড়াতে সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে প্রায়ই তথ্যনির্ভর গবেষণা হলেও এর বাণিজ্যিক প্রয়োগ খুব কম। অন্যদিকে শিল্পখাত নিজেদের সমস্যা সমাধানে দেশীয় বৈজ্ঞানিক প্রতিভাকে কাজে না লাগিয়ে অদক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
এই প্রাতিষ্ঠানিক বিচ্ছিন্নতার কারণে অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমদানিকৃত প্রযুক্তি, বিদেশি পরামর্শক ও মেধাস্বত্বের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে। অনুমোদিত প্রতিটি প্রকল্পে শিল্পখাত ও ব্যবহারিক গবেষণা প্রতিষ্ঠানের যৌথ অংশগ্রহণ বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর ছিংফেং ঝাং বক্তব্য দেন। তিনি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে এশীয় উন্নয়ন ব্যাংকের দীর্ঘমেয়াদি অংশীদারত্ব অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
সভায় বিভিন্ন খাতে উদ্ভাবনী গবেষণার জন্য ১২ জনকে অর্থ ও পুরস্কার দেওয়া হয়। শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানে তারা এই অর্থ কাজে লাগাবেন।
এমএম/